হবিগঞ্জের মাধবপুরে বিশেষ অভিযানে প্রায় ৬২ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে বিপুল পরিমাণ ভারতীয় মেহেদী, ফুচকা, কিটক্যাট চকলেট ও বিস্কুট।
মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১০টার দিকে ৫৫ বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৩ আগস্ট) সকালে ৫৫ বিজিবির একটি আভিযানিক দল মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের সুরমা চা বাগান এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। সকাল ১০টার দিকে চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে একটি কাভার্ডভ্যান মহাসড়কের পাশে ফেলে পালিয়ে যায়। পরে বিজিবির সদস্যরা পরিত্যক্ত কাভার্ডভ্যানটি উদ্ধার করে তল্লাশি চালিয়ে কার্টনের মধ্যে অত্যন্ত সুকৌশলে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ভারতীয় মেহেদী, ফুচকা, কিটক্যাট চকলেট ও বিস্কুট উদ্ধার করেন। এসব পণ্য অবৈধভাবে দেশে এনে পাচারের উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছিল বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান জানান, জব্দকৃত পণ্যের সিজার মূল্য ৬২ লাখ টাকা। উদ্ধার করা মালামাল সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।তিনি জানান,”সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হবে।
