হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বিশেষ অভিযানে অভিনব কায়দায় পাচারকালে প্রায় ২২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ভারতীয় জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
৫৫ বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত ৩টার দিকে উপজেলার নোয়াহাটি এলাকায় সীমান্ত থেকে প্রায় ৩ কিলোমিটার অভ্যন্তরে একটি আভিযানিক দল কৌশলগত অবস্থান নেয়। এ সময় একটি সন্দেহভাজন ট্রাককে থামানোর সংকেত দিলে তাৎক্ষণিকভাবে সেটি থামানো হয়।
পরে ট্রাকটি তল্লাশি করে দেখা যায়, বালুর নিচে বস্তার ভেতরে অত্যন্ত সুকৌশলে বিপুল পরিমাণ ভারতীয় জিরা লুকিয়ে রাখা হয়েছে। পাচারের উদ্দেশ্যে আনা এসব জিরা তাৎক্ষণিকভাবে জব্দ করা হয়। জব্দকৃত মালামালের বাজার মূল্য ২২ লাখ ৫০ হাজার টাকা। জব্দকৃত পণ্য সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিষয়ে ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান জানান, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। দেশের অর্থনীতিকে সুরক্ষিত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
একই সঙ্গে চোরাচালান প্রতিরোধে সীমান্তে গোয়েন্দা নজরদারি জোরদারের পাশাপাশি সীমান্তবর্তী জনগণের সচেতনতা ও সহযোগিতা কামনা করেছে বিজিবি।
