হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বাসচাপায় সামছুল হক (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে উপজেলার জগদীশপুর ইউনিয়নের বেলঘর বাসস্ট্যান্ডের নিকট ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সামছুল হক উপজেলার নারায়ণপুর গ্রামের মৃত মধু মিয়ার ছেলে।
তিনি জগদীশপুর বাজারে কলা ব্যবসা করতেন। প্রতিদিনের মতো সারাদিন বেচাকেনা শেষে রাতে বাড়ি ফেরার পথে সড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগামী গ্রীনলাইন পরিবহনের বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, দুর্ঘটনার পরপরই বাসটি দ্রুত স্থান ত্যাগ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করে।
মাধবপুর থানার ওসি মো: সোহেল রানা দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
