হবিগঞ্জের মাধবপুর উপজেলার ৫ নম্বর আন্দিউড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী আন্দিউড়া উম্মেতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠনে অনিয়ম ও ষড়যন্ত্রের অভিযোগ তুলে মানববন্ধন করেছেন অভিভাবক, এলাকাবাসী ও শিক্ষানুরাগীরা।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর ১২টায় বিদ্যালয়সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আন্দিউড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম এবং সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক এখলাছুর রহমান সিরাজী।
মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী ফজলে ইমাম সুমন। এছাড়া উপস্থিত ছিলেন ইউপি সদস্য সাইফুল ইসলাম, সাবেক সদস্য সাদেক মিয়া, আব্দুল হামিদ চৌধুরী, উবায়দুল্লাহ, শেখ শামীম রেজবী, আব্দুল হামিদ সরদার, আবুল কাসেম, জাহানারা বেগম, মো. আলাউদ্দিন পাটোয়ারীসহ অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষানুরাগীরা।
বক্তারা অভিযোগ করেন, এডহক কমিটি গঠনে অনিয়ম হয়েছে। তারা অভিযোগের সুষ্ঠু তদন্ত, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং যোগ্য ও গ্রহণযোগ্য ব্যক্তিদের নিয়ে স্বচ্ছ কমিটি গঠনের দাবি জানান। একই সঙ্গে দ্রুত ব্যবস্থা না নিলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।
