মাধবপুরে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, পাচারকারীরা পলাতক

হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগান এলাকায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার ১৫ নম্বর সেকশনে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানার এএসআই মোহাম্মদ আব্দুল আলীমের নেতৃত্বে অভিযান চালানো হলে ঘটনাস্থল থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়।

উদ্ধারকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ১০৮ বোতল এসকাফ ডিএক্স (ESkuf DX) সিরাপ, ১৮ বোতল হি-ম্যান ৯০০০ স্ট্রং বিয়ার এবং ৩ বোতল রয়্যাল স্ট্যাগ ডিলাক্স হুইস্কি। এসব মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৫৩ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. গোলাম মোস্তফা জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন