হবিগঞ্জের মাধবপুরে এক নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগে অভি সাওতাল (২৫) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
শনিবার (২৯ আগস্ট) তাকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়। স্থানীয়দের ভাষ্য, ভুক্তভোগী ২৩ বছর বয়সী নারী ও অভি সাওতাল নোয়াপাড়া এলাকার একটি কোম্পানিতে শ্রমিক হিসেবে কাজ করতেন। কাজের সুবাদে তাদের মধ্যে পরিচয় ও পরে ঘনিষ্ঠতা তৈরি হয়। একপর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন অভি—এমন অভিযোগ উঠেছে।
অভি সাওতাল চুনারুঘাট উপজেলার লালচান্দ চা বাগানের চিনাইবিল এলাকার অনিল সাঁওতালের ছেলে। তিনি নোয়াপাড়া চা বাগানে মামার বাড়িতে থেকে স্থানীয় একটি কোম্পানিতে শ্রমিক হিসেবে কাজ করতেন।
অভিযোগ অনুযায়ী, শুক্রবার বিকেলে অভি ওই নারীকে নোয়াপাড়া চা বাগানের ২০ নম্বর সেকশনে ডেকে নিয়ে যান। সেখানে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী নারী।
পরে ওই নারীর চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে অভিকে আটক করেন। তাকে নোয়াপাড়া চা বাগানে নিয়ে যাওয়ার পর স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও তা সফল হয়নি। পরে শনিবার তাকে মাধবপুর থানায় সোপর্দ করা হয়।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, “এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
