- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

আট বছর পর ভোট, পাঁচ চা বাগানে উৎসবের আমেজ
মাধবপুরে চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন, ৩১৫ প্রার্থীর লড়াই

দীর্ঘ আট বছর পর বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের পঞ্চায়েত কমিটির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২৮ নভেম্বর এ নির্বাচন ঘিরে হবিগঞ্জের মাধবপুর উপজেলার পাঁচটি চা বাগানে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। সাতটি পঞ্চায়েত কমিটির ১০৫টি পদের বিপরীতে ২১টি প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩১৫ জন প্রার্থী। নির্বাচনে ভোটার রয়েছেন ৪ হাজার ৯১৪ জন।

ইতিমধ্যে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। শুরু হয়েছে জোরেশোরে প্রচার-প্রচারণা। চা বাগানের পাড়ায় পাড়ায় চলছে সভা, সমাবেশ, মিছিল ও গণসংযোগ। পোস্টার, ব্যানার ও লিফলেট নিয়ে প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে সমর্থন আদায়ের চেষ্টা করছেন।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, তেলিয়াপাড়া চা বাগানের ১৫টি পদের বিপরীতে তিনটি প্যানেলে ৪৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ বাগানে ভোটার ৭৫৫ জন। সুরমা চা বাগানের তিনটি পঞ্চায়েত কমিটির ৪৫টি পদের বিপরীতে নয়টি প্যানেলে লড়ছেন ১৩৫ জন। এখানে ভোটার ২ হাজার ১২৪ জন।

নোয়াপাড়া চা বাগানে ১৫টি পদের বিপরীতে চারটি প্যানেলে ৬০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ বাগানে ভোটার ৮৫০ জন। বৈকুণ্ঠপুর চা বাগানে ১৫টি পদের বিপরীতে দুটি প্যানেলে ৩০ জন প্রার্থী রয়েছেন। ভোটার ৩৮৬ জন। অন্যদিকে জগদীশপুর চা বাগানে ১৫টি পদের বিপরীতে তিনটি প্যানেলে লড়ছেন ৪৫ জন। এ বাগানে ভোটার ৭৯৯ জন।

দীর্ঘদিন পর নির্বাচন হওয়ায় চা শ্রমিকদের মধ্যেও দেখা দিয়েছে ব্যাপক আগ্রহ ও উৎসাহ। জগদীশপুর চা বাগানের পলাশ কুর্মী বলেন, দীর্ঘ আট বছর পর পঞ্চায়েত কমিটির নির্বাচন হচ্ছে। ভোট দেওয়ার জন্য আমরা আগ্রহ নিয়ে অপেক্ষা করছি।

সুরমা চা বাগানের প্রদীপ কৈরি বলেন, দীর্ঘদিন ধরে চা শ্রমিকরা নির্বাচনের দাবি জানিয়ে আসছিলেন। অনেক দিন পর নিজেদের প্রতিনিধি নির্বাচনের সুযোগ পাওয়ায় শ্রমিকদের মধ্যে আনন্দ বিরাজ করছে।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল রানা বলেন, প্রার্থীরা শান্তিপূর্ণ পরিবেশে প্রচার-প্রচারণা চালাচ্ছেন। নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মেহেদী হাসান জানান, উপজেলার পাঁচটি চা বাগানের সাতটি পঞ্চায়েত কমিটি গঠনের লক্ষ্যে আগামী ২৮ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট সব পক্ষ আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে প্রচার-প্রচারণা চালাচ্ছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন