হবিগঞ্জের মাধবপুরে চুরির ঘটনায় অতিষ্ঠ হয়ে চার ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে আসবাবপত্র বের করে আগুনে পুড়িয়ে দিয়েছেন গ্রামবাসী। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের পিয়াইম গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চুরির ঘটনায় ক্ষুব্ধ হয়ে গ্রামের নারী-পুরুষ একত্রিত হয়ে উজ্জ্বল, জুয়েল, শামসু ও সাজু নামে চার ব্যক্তির বাড়িতে যান। এ সময় তাঁদের বাড়িতে না পেয়ে ঘরের আসবাবপত্র বের করে গ্রামের মাঠে নিয়ে আগুন ধরিয়ে দেন উত্তেজিত গ্রামবাসী।
এ বিষয়ে ছাতিয়াইন তদন্তকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) আশিষ কুমার জানান, ওই চার ব্যক্তির বিরুদ্ধে একাধিক মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তাঁরা বিভিন্ন অপরাধ সংঘটনের পর নাসিরনগর থানা এলাকায় চলে যান। তিনি তদন্তের কাজে বাইরে থাকাকালে আসবাবপত্র পুড়িয়ে দেওয়ার খবর পান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সব পুড়ে ছাই হয়ে যায়।
এ ঘটনায় পিয়াইম গ্রামসহ আশপাশের এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
