
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অভিযান চালিয়ে ৬০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৯। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়।
মঙ্গলবার (২৬ মে) দুপুরে র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (২৫ মে) রাত আনুমানিক ১০টা ৩৫ মিনিটে র্যাব-৯, সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বরে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, একটি সবুজ রঙের সিএনজিযোগে বিপুল পরিমাণ মাদকদ্রব্য নিয়ে কয়েকজন মাদক কারবারি জগদীশপুর বাজার থেকে তেমুনিয়া মোড় হয়ে মাধবপুরের দিকে আসছে।
এ তথ্যের ভিত্তিতে র্যাব সদস্যরা রাত প্রায় ১০টা ৫৫ মিনিটে যুগেশ চন্দ্র হাইস্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন জগদীশপুর-তেমুনিয়া সড়কে চেকপোস্ট স্থাপন করে। এ সময় একটি সবুজ রঙের সিএনজিকে থামানোর সংকেত দিলে চালক র্যাবের উপস্থিতি টের পেয়ে দ্রুত পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে তাকে আটক করা হয়।
আটকের পর জিজ্ঞাসাবাদে সে তার কাছে মাদক থাকার কথা স্বীকার করে। পরে তার দেখানো মতে সিএনজির যাত্রী আসনের নিচে রাখা চারটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে স্কচটেপে মোড়ানো অবস্থায় ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার রফিনগর গ্রামের ডুগাই মিয়ার ছেলে মো. নাছির উদ্দিন (৩৯)।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাছির উদ্দিন স্বীকার করেছেন যে, তিনি হবিগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর গ্রেফতারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে মাদকের বিরুদ্ধে র্যাব-৯ এর গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।