ডেঙ্গু প্রতিরোধে হবিগঞ্জের মাধবপুরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় উপজেলা পরিষদ হলরুমে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান।
কেন্দ্রীয় কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের পর ইউএনওর নেতৃত্বে উপজেলা পরিষদ ও পৌরসভা কার্যালয় এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। এ সময় জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ এবং এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস করা হয়।
অভিযানে উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীসহ সরকার দলীয় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর ও কর্মস্থলের আশপাশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার আহ্বান জানিয়েছে উপজেলা প্রশাসন।
