মাধবপুরে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

হবিগঞ্জের মাধবপুরে নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি ধর্ষণ মামলার এজাহারনামীয় একমাত্র পলাতক আসামি উত্তম গোয়ালা (৩০) কে গ্রেফতার করেছে র‍্যাব-৯। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টায় মাধবপুর উপজেলার জগদীশপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‍্যাব সূত্রে জানা যায়, ভিকটিম জগদীশপুর এলাকার বাসিন্দা। অভিযুক্ত উত্তম গোয়ালা প্রতিবেশী হওয়ায় ভিকটিমের বাড়িতে যাতায়াতের সুযোগে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে বিভিন্ন সময় হয়রানি করে আসছিল। অভিযোগ অনুযায়ী, ২০২৫ সালের ৩ ডিসেম্বর সন্ধ্যার দিকে পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে ভিকটিমের ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণ করে। একই বছরের ১৪ ডিসেম্বর রাতেও একই কৌশলে পুনরায় ভিকটিমকে ধর্ষণ করা হয়।

পরবর্তীতে ভিকটিম বিবাহের প্রস্তাব দিলে অভিযুক্ত তা প্রত্যাখ্যান করে এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করে ভিকটিমকে তাড়িয়ে দেয়। পরে ভিকটিম নিজে বাদী হয়ে মাধবপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩) এর ৯(১) ধারায় একটি মামলা দায়ের করেন।

মামলার পর আসামিকে গ্রেফতারের লক্ষ্যে র‍্যাব-৯ ছায়া তদন্ত ও গোয়েন্দা তৎপরতা জোরদার করে। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত উত্তম গোয়ালা জগদীশপুর গ্রামের অনিল গোয়ালার ছেলে।

র‍্যাব-৯, সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাব-৯ এর গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন