
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় তুচ্ছ ঘটনা কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত শতাধিক মানুষ আহত হয়েছেন। প্রায় চার ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনা সদস্যদের হস্তক্ষেপ করতে হয়েছে।
ঘটনা সূত্রে জানা যায়, শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় স্থানীয় একটি কোম্পানি থেকে বের হওয়ার সময় বেঙ্গাডোবা গ্রামের তানজিল ও ইটাখোলা গ্রামের নাজমুলের মধ্যে ধাক্কাধাক্কির জেরে তর্কাতর্কি হয়। উপস্থিত লোকজন তখনই বিষয়টি মীমাংসা করে দেন।
তবে পরদিন রোববার (৩০ নভেম্বর) দুপুরে পুনরায় উত্তেজনা তৈরি হয়। অভিযোগ রয়েছে—নাজমুল ফের তানজিলকে কোম্পানির ভেতর থেকে জোরপূর্বক বের করে নেওয়ার চেষ্টা করলে দুই গ্রামের বাসিন্দারা উত্তেজিত হয়ে পড়েন। দ্রুতই খবর ছড়িয়ে পড়লে মসজিদের মাইক ব্যবহার করে উভয় পক্ষের লোকজনকে একত্র হওয়ার ডাক দেওয়া হয়। অল্প সময়েই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং শুরু হয় ব্যাপক সংঘর্ষ।
টানা চার ঘণ্টার সংঘর্ষে উভয় গ্রামের শতাধিক মানুষ আহত হন। খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এলাকায় বর্তমানে উত্তেজনা বিরাজ করছে এবং অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে পরবর্তী অপ্রীতিকর ঘটনা এড়াতে দায়ীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।