হবিগঞ্জের মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়নের মিঠাপুকুর পূর্বের জাঙ্গাল এলাকায় ‘হাজারি ফিশারী প্রজেক্ট’-এর মাছ অনুমতি ছাড়া ধরে বিক্রি ও লুটপাটের অভিযোগে মানববন্ধন করেছেন লিজগ্রহীতা সুলেমান হাজারী।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় হাজারি ফিশারী প্রজেক্টের পুকুরপাড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সুলেমানের অভিযোগ, তিনি পাঁচ বছরের জন্য প্রায় ১৯৬ শতাংশের পুকুরটি লিজ নিয়ে মাছ চাষ করছিলেন। তিনি ও তাঁর ছোট ভাই জেলহাজতে থাকার সুযোগে লিজের মেয়াদ থাকা অবস্থায় পুকুরটি অন্যত্র লিজ দেওয়া হয়। পরে পুকুরের মাছ ধরে বিক্রি করে দেওয়া হয়। এতে তাঁর প্রায় ৮০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। এ ছাড়া তাঁকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগও করেন সুলেমান।
এ ঘটনায় সুলেমান হাজারী বাদী হয়ে মো. স্বপন মিয়াসহ নয়জনের নাম উল্লেখ করে গত ৮ অক্টোবর মাধবপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগের বিষয়ে পুকুরের মালিক মো. স্বপন মিয়া বলেন, “আমি সুলেমান হাজারীকে মৌখিকভাবে পুকুরটি লিজ দিয়েছিলাম। তাঁকে কোনো লিখিত কাগজপত্র দেওয়া হয়নি। মৌখিক লিজের মেয়াদ শেষ হওয়ায় পুকুরটি অন্যত্র লিজ দেওয়া হয়েছে।”
এ বিষয়ে মাধবপুর থানার ওসি মো. সোহেল রানা বলেন, “অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”