- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

মাধবপুরে ফুটবল খেলতে নেমে প্রাণ গেল নবম শ্রেণির শিক্ষার্থীর

হবিগঞ্জের মাধবপুরে ফুটবল খেলতে গিয়ে অসুস্থ হয়ে নৌশিন আক্তার নামে নবম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ছাতিয়াইন বিশ্বনাথ হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার বাছাই পর্বের খেলায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, খেলা শুরুর কিছুক্ষণ পরই মাঠে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে নৌশিন। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হয়। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

পরিবার সূত্রে জানা গেছে, নৌশিন ছোটবেলা থেকেই হৃদরোগে আক্রান্ত ছিল। চিকিৎসক তাকে খেলাধুলা ও অতিরিক্ত পরিশ্রম থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছিলেন। পরিবারের দাবি, তার অসুস্থতার বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্ট শিক্ষকদের জানানো হয়েছিল।

নৌশিনের চাচা শামীম খান অভিযোগ করে বলেন, অসুস্থতার বিষয়টি বিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো ছিল। এরপরও প্রচণ্ড রোদের মধ্যে তাকে খেলতে দেওয়া হয়েছে। খেলতে নামার পর অসুস্থ হয়ে তার মৃত্যু হয়েছে বলে তারা মনে করছেন। মৃত্যুর কয়েক ঘণ্টা পরও বিদ্যালয় কর্তৃপক্ষ তাদের বিষয়টি জানায়নি বলেও অভিযোগ করেন তিনি। তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ বলেন, ঘটনার সময় তিনি উপজেলা সদরে একটি সভায় ছিলেন। পরে বিষয়টি জানতে পারেন। নৌশিনের হৃদযন্ত্রে ছিদ্র ছিল এবং অর্থের অভাবে তার চিকিৎসা করানো সম্ভব হয়নি। খেলার আগে একজন শিক্ষক তাকে খেলতে বাধা দিয়েছিলেন বলেও জানান তিনি।

এ বিষয়ে মাধবপুর থানার ওসি সোহেল রানা বলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা তাকে বিষয়টি জানিয়েছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি।

নৌশিনের আকস্মিক মৃত্যুতে সহপাঠী, শিক্ষক ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন