মাধবপুরে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

হবিগঞ্জের মাধবপুরে র‍্যাব-৯ এর অভিযানে ২৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (০৬ মে) দুপুর আড়াইটার দিকে সিলেট র‍্যাব-৯ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, র‍্যাব-৯ এর সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল বুধবার দিবাগত রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে একটি ট্রাকে করে মাদকদ্রব্য ঢাকার দিকে নেওয়া হচ্ছে।

এ তথ্যের ভিত্তিতে রাত দেড়টার দিকে মাধবপুর পৌরসভার সিলেট-ঢাকা মহাসড়কে একটি চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় একটি লাল-নীল রঙের ট্রাককে থামানোর সংকেত দিলে ট্রাক থেকে নেমে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করে। পরে র‍্যাব সদস্যরা তাদের আটক করে।

আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে তাদের হেফাজতে গাঁজা থাকার কথা স্বীকার করলে ট্রাক তল্লাশি করে একটি সিমেন্টের বস্তার ভেতর খাকি রঙের স্কচ টেপে মোড়ানো অবস্থায় ২৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় ট্রাকসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার নুরুল্যাগঞ্জ গ্রামের মৃত শুক্ররাম মোল্লার ছেলে করিম (৪০) এবং অপরজন মো. মেহেদী হাসান (৩২)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিভিন্ন এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে তারা এগুলো বহন করছিলেন।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে তাদের ও জব্দকৃত আলামত মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন