মাধবপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৯।

সোমবার (৬ এপ্রিল) দুপুরে র‍্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‍্যাব-৯-এর সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটের দিকে মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের আমতলী যাত্রী ছাউনির সামনে অভিযান পরিচালনা করে। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়।

পরে তাদের জিজ্ঞাসাবাদে গাঁজা থাকার কথা স্বীকার করলে তল্লাশি চালিয়ে ৪টি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে নীল পলিথিনে মোড়ানো স্কচটেপযুক্ত অবস্থায় মোট ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন চুনারুঘাট উপজেলার কালীসিড়ি গ্রামের মৃত মধু মিয়ার ছেলে মো. বারেক আলী (৩৩) এবং একই উপজেলার চাঁনপুর গ্রামের মৃত ধর্ম বাড়াইক এর ছেলে দুলাল বাড়াইক (৩৫)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে হবিগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রয়ের উদ্দেশ্যে তারা মজুদ রেখেছিলেন।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে জব্দকৃত আলামতসহ মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৯ জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন