মাধবপুরে হারভেস্টার নিয়ে নৈরাজ্য, বেশি দাম আদায়ের অভিযোগ

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সরকার নির্ধারিত মূল্যে হারভেস্টার মেশিনে ধান কাটার সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন কৃষকরা। অতিবৃষ্টি ও শিলাবৃষ্টির আশঙ্কায় নিরুপায় হয়ে তারা বেশি দামে ধান কাটাতে বাধ্য হচ্ছেন।

বুধবার (২২ এপ্রিল) উপজেলার চৌমুহনী ইউনিয়নের সাতপাড়া মাঠে একটি হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটা হয়। মেশিনটির মালিক একই ইউনিয়নের বরুড়া গ্রামের আলিমুদ্দিনের ছেলে মিশুক মিয়া (৫০)। অভিযোগ রয়েছে, তিনি প্রতি শতাংশ জমির ধান কাটার জন্য ৯০ টাকা করে আদায় করছেন, যা সরকার নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, সর্বশেষ সমন্বয় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্টদের উপস্থিতিতে প্রতি শতাংশ ৬০ টাকা এবং প্রতি বিঘা (৩৩ শতাংশ) ২০০০ টাকা হার নির্ধারণ করা হয়। কিন্তু সেই নির্দেশনা মানা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে।

বিষয়টি জানার পর উপজেলা কৃষি কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি হারভেস্টার মালিকের নাম ও মোবাইল নম্বর চান। পরে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মিশুক মিয়ার সঙ্গে কথা বলে নির্ধারিত হারে (৬০ টাকা) নেওয়ার প্রতিশ্রুতি আদায় করেন। তবে বাস্তবে সেই প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি।

সাতপাড়া গ্রামের কৃষক শফিকুল ইসলাম জানান, তিনি ৮০ শতাংশ জমির ধান কাটাতে বাধ্য হয়ে প্রতি শতাংশ ৯০ টাকা দিয়েছেন। একইভাবে তাজুল ইসলাম ৭২ শতাংশ জমি এবং নাসির উদ্দিনও একই হারে টাকা পরিশোধ করেছেন বলে জানান। অনেক কৃষকই বলেন, শিলাবৃষ্টির ক্ষতি এড়াতে বাধ্য হয়ে বেশি দামে ধান কাটাতে হয়েছে।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা সজীব সরকার বলেন, “লিখিত অভিযোগ পেলে এবং প্রমাণ পাওয়া গেলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জানান, তিনি ফোনে হারভেস্টার মালিককে অতিরিক্ত টাকা না নিতে নির্দেশ দিয়েছেন।

এদিকে কৃষক সমাজ দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তাদের অভিযোগ, কিছু অসাধু প্রভাবশালী ব্যক্তির কারণে সাধারণ কৃষকরা চরম ভোগান্তিতে পড়ছেন। তারা দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে কৃষকদের এই শোষণ থেকে রক্ষা করার আহ্বান জানিয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন