- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

মাধবপুরে ইউএনওর জিপের সঙ্গে কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসানকে বহনকারী সরকারি জিপের সঙ্গে কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। দুর্ঘটনায় দুটি যানবাহন ক্ষতিগ্রস্ত হলেও ইউএনও, চালক ও সঙ্গে থাকা আনসার সদস্য অক্ষত রয়েছেন।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নোয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইউএনওকে বহনকারী সরকারি জিপটি মাধবপুর থেকে হবিগঞ্জের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানটি (ঢাকা মেট্রো-উ-১৪-০৯৩৬) জিপটিকে সামনে থেকে ধাক্কা দেয়। সংঘর্ষের পর সরকারি জিপটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে চলে যায়। দুর্ঘটনার সময় পেছনে থাকা একটি প্রাইভেটকারও (ঢাকা মেট্রো-গ-১২-৮৬২৪) ক্ষতিগ্রস্ত হয়।

জানা গেছে, ইউএনও মো. মেহেদী হাসান উপজেলা থেকে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে মাসিক সভায় যোগ দিতে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েন।

এ বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন