- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

মাধবপুরে জাতীয় সমবায় দিবস পালিত

‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে হবিগঞ্জের মাধবপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত হয়েছে।

রোববার (৮ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সকাল ৯টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র‍্যালি বের করা হয়। পরে সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. ইসমাঈল তালুকদার রাহি। মো. আব্দুর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ইমরুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নূর মামুন, পৌর বিএনপির সভাপতি মো. গোলাপ খান, উপজেলা মহিলা দলের সভাপতি রেজিয়া সুলতানা তরফদার, সাবেক ভাইস চেয়ারম্যান মো. আব্দুল আজিজ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. কবির খান চৌধুরী, পৌর মহিলা দলের সভাপতি ইশরাক জাহান ডলি, উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী, সমবায়ী আসকির মিয়াসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে সমবায়ের গুরুত্ব অপরিসীম। পারস্পরিক সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে আত্মনির্ভরশীল সমাজ গঠনের পাশাপাশি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। এ জন্য সমবায় আন্দোলনকে আরও গতিশীল ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন