হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের রতনপুর জিধর ছড়া থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে সিলিকা-বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, রতনপুর এলাকার ইফতিখারের নেতৃত্বে দিন-রাত ভারী যন্ত্রপাতি দিয়ে বালু তুলে বিভিন্ন এলাকায় সরবরাহ করা হচ্ছে।
অভিযোগ রয়েছে, বালু উত্তোলনে বাধা দিলে স্থানীয়দের ভয়ভীতি ও মিথ্যা মামলার হুমকি দেওয়া হয়। প্রশাসনের সংশ্লিষ্টদের ‘ম্যানেজ’ করে কার্যক্রম চালানোর অভিযোগও করেছেন স্থানীয়রা। তবে এ অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
এদিকে রতনপুর রেলস্টেশনের উত্তর পাশে রেল ব্রিজের নিচ থেকে বালু উত্তোলনে বাধা দেওয়াকে কেন্দ্র করে কয়েকজন রেলকর্মীর সঙ্গে ইফতিখার ও তার লোকজনের বিরোধের ঘটনা ঘটে বলে জানা গেছে। এ ঘটনায় মাধবপুর থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
অবৈধ বালু উত্তোলনে সরকারি রাজস্ব ক্ষতির পাশাপাশি পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে বলে স্থানীয়দের দাবি। তারা দ্রুত অভিযান চালিয়ে বালু উত্তোলন বন্ধ ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
তবে অভিযোগ অস্বীকার করে ইফতিখার বলেন, “আমি কোনো অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত নই। আমার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অভিযোগ করা হচ্ছে।”
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান বলেন, অবৈধ বালু উত্তোলনের বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
