হবিগঞ্জের মাধবপুরে সৈয়দ মোশাররফ হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান করা হয়েছে। শনিবার সকালে মনতলা অপরূপা মাধ্যমিক বালিকা বিদ্যায়তনের মাঠে অনুষ্ঠিত বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান শিক্ষক মজিবুর রহমান বাহারের সভাপতিত্বে বৃত্তি বিতরণ সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আশরাফুল করিম। রুহুল আমিন সোহাগের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ধর্মঘর ডিগ্রি কলেজের অধ্যক্ষ আলী আজগর, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ফতেহুল ইসলাম, আক্তার হোসেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ নূরুল্লাহ ভূইয়া, সহকারী অধ্যাপক একে এম নুরুল ইসলাম, প্রধান শিক্ষক সৈয়দ আসাদুজ্জামান, আমিনুল ইসলাম, হুমায়ুন কবির, শাহীন মিয়া, সমাজসেবক এডভোকেট ইয়াকুব খান, আ. জলিল, মুফতি শফিকুল ইসলাম ডালিম, সৈয়দ শাহনেওয়াজ, আল মাসুদ লোকমান ও বশির আহমেদ।
বক্তারা বলেন, শিক্ষার উন্নয়ন ও মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ দিতে সৈয়দ মোশাররফ হোসেন ফাউন্ডেশন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। প্রতিবছরই ফাউন্ডেশনটি মেধাবীদের বৃত্তি প্রদান করে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হতে অনুপ্রাণিত করছে।
অনুষ্ঠানের শেষ পর্বে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ ও সনদপত্র তুলে দেওয়া হয়।
