পুরাতন কম্বল ও ব্যবহৃত কাপড়ের বস্তার আড়ালে গাঁজা পাচারের সময় হবিগঞ্জের মাধবপুরে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
শনিবার (১০ অক্টোবর) সকাল ৯টা ৫০ মিনিটে উপজেলার ধর্মঘর ইউনিয়নের আমবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—ধর্মঘর ইউনিয়নের কালিকাপুর গ্রামের মঞ্জুর আলীর ছেলে জসীম উদ্দিন (৩৮) এবং জয়নগর গ্রামের আব্দুল জাহেরের ছেলে আব্দুল খালেক (৬০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর ইকতিয়ার মিয়ার নেতৃত্বে এএসআই দেলোয়ার হোসেনসহ পুলিশের একটি দল আমবাড়িয়া এলাকায় অভিযান চালায়। এ সময় পুরাতন কম্বল ও ব্যবহৃত কাপড়ের বস্তা তল্লাশি করে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে মাদক বহনের অভিযোগে দুজনকে আটক করা হয়।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
