হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পৃথক দুটি বিশেষ অভিযানে প্রায় এক কোটি ১৭ লাখ টাকা মূল্যের ভারতীয় জিরা জব্দ করেছে বিজিবি। কাস্টমসের জাল কাগজপত্র ব্যবহার করে কাভার্ড ভ্যান ও বালুবাহী ড্রাম ট্রাকে এসব জিরা পরিবহন করা হচ্ছিল বলে জানিয়েছে বিজিবি।
শুক্রবার (২২ মে) রাত পৌনে ১১টায় হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক তানজিলুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল ৬টার দিকে মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বরে সীমান্ত থেকে প্রায় ৫ কিলোমিটার অভ্যন্তরে একটি বালুভর্তি ড্রাম ট্রাকে অভিযান চালানো হয়। সন্দেহভাজন ট্রাকটি থামিয়ে তল্লাশি করলে বালুর ভেতরে বস্তাবন্দি অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় জিরা উদ্ধার করা হয়।
একই এলাকায় অভিযান অব্যাহত রেখে সকাল সাড়ে ৭টার দিকে একটি কাভার্ড ভ্যান থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় ভ্যানটির ভেতর থেকেও বস্তার মধ্যে সুকৌশলে লুকিয়ে রাখা ভারতীয় জিরা জব্দ করা হয়।
বিজিবি জানায়, তল্লাশিকালে মালামালের সঙ্গে থাকা তামাবিল ল্যান্ড কাস্টমস স্টেশন, সিলেট কর্তৃক প্রদানকৃত বিল অব এন্ট্রি ও এক্সপোর্ট সংক্রান্ত কাগজপত্র যাচাই করে দেখা যায়, মূল কপির পরিবর্তে নকল কপি ব্যবহার করা হয়েছে। পরে তাৎক্ষণিকভাবে জিরাগুলো জব্দ করা হয়। জব্দকৃত আমদানি নিষিদ্ধ জিরা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তর করা হয়েছে।
বিজিবি আরও জানায়, দেশের অর্থনীতিকে সুরক্ষিত রাখা এবং চোরাচালান প্রতিরোধে তাদের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
