হবিগঞ্জের মাধবপুরে প্রয়োজনীয় লাইসেন্স ছাড়াই সার বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকেলে উপজেলার চৌমুহনী ইউনিয়নের চেঙ্গারবাজারে অভিযান চালিয়ে তাদের প্রত্যেককে ২ হাজার টাকা করে জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানের নেতৃত্বে চেঙ্গারবাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তোফাজ্জল হোসেন ও আবু সালেক মিয়ার দোকানে প্রয়োজনীয় লাইসেন্স ছাড়াই সার বিক্রির প্রমাণ পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের জরিমানা করেন।
অভিযানে মাধবপুর উপজেলা কৃষি কর্মকর্তা সজীব সরকার উপস্থিত ছিলেন।
প্রশাসন সূত্র জানায়, অভিযুক্ত দুই ব্যবসায়ী কীটনাশক বিক্রির সঙ্গে জড়িত। তবে সার বিক্রির জন্য প্রয়োজনীয় অনুমোদন ও লাইসেন্স না থাকলেও তারা সার বিক্রি করছিলেন। এ সময় বৈধ লাইসেন্স ছাড়া কৃষি উপকরণ বিক্রি না করতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান বলেন, “কৃষি উপকরণ বিক্রিতে সরকারি বিধিবিধান ও লাইসেন্স নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নিয়ম ভঙ্গ করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
