হবিগঞ্জের মাধবপুরে মাদক মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত বিশ্বনাথ ভৌমিজ (৩৫) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৭ আগস্ট) দুপুরে গ্রেপ্তারকৃত আসামিকে হবিগঞ্জের বিচারিক আদালতের পাঠানো হয়েছে।
রোববার (১৬ আগস্ট) বিকেলে উপজেলার তেলিয়াপাড়া চা-বাগানের মিশন লাইন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার বরুণ ভৌমিজের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, মাধবপুর থানার জিআর মামলা নং-৩৭৯/২৫-এর ওয়ারেন্টভুক্ত আসামি বিশ্বনাথ ভৌমিজকে গ্রেপ্তারে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। প্রায় দুই ঘণ্টা অভিযান চালানোর পর মিশন লাইন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, বিশ্বনাথের বিরুদ্ধে মাদকসংক্রান্ত মামলা রয়েছে। ওই মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরোয়ানা অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে সোমবার দুপুরে গ্রেপ্তার আসামিকে হবিগঞ্জের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
