মাধবপুরে মোবাইল কোর্ট অভিযানে জরিমানা

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ভোক্তা অধিকার ও পরিবেশ সংরক্ষণ নিশ্চিত করতে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুজিবুর ইসলামের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।

রবিবার (১১ জানুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মাধবপুর বাজার ও জগদীশপুর বাজারের এলপিজি সিলিন্ডার গ্যাসের দোকানগুলোতে তদারকি করা হয়। লাইসেন্স ও নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগে একটি প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয় এবং সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।

এছাড়া নোয়াপাড়া ইউনিয়নের রতনপুর এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের সময় ইকরাম মিয়া (পিতা: এনু মিয়া, গ্রাম: বড়ধলিয়া) কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডে জড়িত না হওয়ার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়।

অভিযানকালে মাধবপুর থানা পুলিশের একটি দল নিরাপত্তা ও সার্বিক সহযোগিতা প্রদান করে।

প্রশাসন জানিয়েছে, বাজারে ন্যায্য বাণিজ্য নিশ্চিত করা এবং অবৈধ বালু উত্তোলন রোধে নিয়মিতভাবে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন