হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের মঙ্গলপুর গ্রামে নেশাগ্রস্ত হয়ে বাবার ওপর নির্যাতন ও এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে সুধাম সরকার নামে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নেশাগ্রস্ত অবস্থায় পরিবার ও প্রতিবেশীদের সঙ্গে দুর্ব্যবহার করে আসছিলেন তিনি। সর্বশেষ বাবার ওপর শারীরিক নির্যাতনের ঘটনায় বিষয়টি গুরুতর আকার ধারণ করলে তার পিতা সুমন্ত সরকার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেন।
অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে মাধবপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুজিবুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে তাকে আটক করে।পরে আদালতে হাজির করা হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং সমাজে শৃঙ্খলা রক্ষায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
