হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের গোকুলপুর এলাকায় অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (২ জুন) দুপুরে ছাতিয়ান রোড সংলগ্ন গোকুলপুর এলাকায় পরিচালিত এ অভিযানে অবৈধ উত্তোলন কাজে ব্যবহৃত ২টি ড্রেজার মেশিন ধ্বংস ও অকেজো করা হয়। একই সঙ্গে প্রায় ৩ হাজার ফুট পাইপ বিনষ্ট করা হয় এবং একটি এক্সেভেটর থেকে ২টি ব্যাটারি জব্দ করা হয়।
অভিযান পরিচালনা করেন মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুজিবুল ইসলাম। তিনি জানান, অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, কৃষিজমি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং স্থানীয় জনগণ নানা দুর্ভোগের শিকার হচ্ছে।
তিনি আরও বলেন, পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় অবৈধ বালু-মাটি উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রশাসনের এ অভিযানে এলাকায় অবৈধ বালু ও মাটি উত্তোলনকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
