মাধবপুরে সামান্য বৃষ্টিতেই বেহাল সড়ক, দুর্ভোগে পাঁচ গ্রামের মানুষ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের কাজিরচক-এতিমপুর সড়কের প্রায় ৫০০ ফুট অংশ দীর্ঘদিন সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।’

নুরুলাপুর বীরসিংহপাড়া-যাত্রাপুর এলাকার উষা বাড়ি থেকে জাহাঙ্গীর মিয়ার বাড়ি পর্যন্ত সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই গর্তে পানি জমে কাদাময় হয়ে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন পাঁচ গ্রামের হাজারো মানুষ।’

সরেজমিনে দেখা যায়, সড়কটির বিভিন্ন অংশ ভেঙে বড় বড় গর্ত তৈরি হয়েছে। বর্ষায় এসব গর্তে পানি জমে যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। পথচারীদেরও ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। প্রতিদিন এ সড়ক ব্যবহার করেন স্কুল-কলেজের শিক্ষার্থী, মুসল্লি, ব্যবসায়ী ও চাকরিজীবীরা।’

স্থানীয় বাসিন্দা হারুন মিয়া বলেন, “এতিমপুর জামে মসজিদে যেতে প্রতিদিন এই রাস্তা ব্যবহার করি। বৃষ্টির সময় কাদায় বয়স্ক মানুষ প্রায়ই পিছলে পড়ে যান। একটি গুরুত্বপূর্ণ সড়কের এমন অবস্থা খুবই কষ্টের।”

একই এলাকার মো. মিজান মিয়া বলেন, “নির্বাচনের সময় জনপ্রতিনিধিরা রাস্তা সংস্কারের আশ্বাস দেন। কিন্তু নির্বাচন শেষ হলে আর কোনো উদ্যোগ দেখা যায় না। দ্রুত সংস্কার না হলে এলাকাবাসী আন্দোলনে নামতে বাধ্য হবে।”

স্থানীয়দের অভিযোগ, সড়কটি সংস্কারের জন্য একাধিকবার ইউনিয়ন পরিষদ ও সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করা হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। দীর্ঘদিনের অবহেলায় সড়কটির এমন বেহাল অবস্থা সৃষ্টি হয়েছে বলে তাদের দাবি।”

এ বিষয়ে ধর্মঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ পারুল বলেন, “কাজিরচক-এতিমপুর সড়কটি আগে ইট সোলিং করা হয়েছিল। সড়কটি সংস্কারের বিষয়টি আমাদের নজরে রয়েছে। প্রয়োজনীয় বরাদ্দ পেলেই দ্রুত সংস্কারকাজ শুরু করা হবে। বিষয়টি ইতোমধ্যে সংশ্লিষ্ট দপ্তরে জানানো হয়েছে।”

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন