মাধবপুরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি গাজীপুরে গ্রেফতার

হবিগঞ্জের মাধবপুরে ৭ম শ্রেণীর স্কুলছাত্রী ধর্ষণ ও অপহরণ মামলার পলাতক প্রধান আসামি মোঃ তাওহিদ তাহারুল ইসলাম (২২) কে গাজীপুরে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে র‍্যাব।

র‍্যাব সূত্র জানায়, ভিকটিম মাধবপুর উপজেলার বেঙ্গাডোবা এলাকার এক স্কুলছাত্রী। অভিযোগে বলা হয়,’আসামি তাওহিদ দীর্ঘদিন ধরে ভিকটিমকে প্রেমের প্রলোভন দেখিয়ে মানসিকভাবে প্রভাবিত করে এবং একাধিকবার তাকে বিয়ের আশ্বাসে ধর্ষণ করে। ভিকটিমের পরিবারের আপত্তির পরও তাকে অপহরণ করে গাইবান্ধায় নিয়ে যায়। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে মাধবপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

মামলার পর থেকেই আসামি আত্মগোপনে চলে যায়। পরে র‍্যাব-৯ (সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প) ও র‍্যাব-১ (সিপিএসসি, গাজীপুর) যৌথভাবে গোয়েন্দা নজরদারি বাড়িয়ে তার অবস্থান শনাক্ত করে। শুক্রবার (১৯ জুন) রাত সাড়ে ৮টায় গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন মৌচাক পুলিশ ফাঁড়ির সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামি গাইবান্ধা জেলার গাইবান্ধা সদর উপজেলার নান্দিনা গ্রামের মোঃ ফাজিরুল ইসলামের ছেলে।

র‍্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। গ্রেফতারের পর আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাবের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানানো হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন