মাধবপুরে উৎসবমুখর আয়োজনে জাতীয় সমবায় দিবস পালন

“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়”—এই মূলমন্ত্রে উদ্দীপিত হয়ে হবিগঞ্জের মাধবপুরে নানা আয়োজনে উদযাপিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫।

শনিবার (১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে এসে শেষ হয়। র‌্যালিতে অংশ নেন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সমবায়ী সংগঠনের সদস্য, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

পরবর্তীতে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় দপ্তরের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ও সহকারী কমিশনার (ভূমি) মো. মুজিবুল ইসলাম বলেন, “সমবায় দেশের অর্থনীতির অন্যতম ভিত্তি। আমাদের দায়িত্ব হলো সমবায় কার্যক্রমকে আরও গতিশীল করা এবং নতুন প্রজন্মকে এতে সম্পৃক্ত করা।”

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. ইসমাইল তালুকদার এবং সঞ্চালনা করেন সাংবাদিক আলাউদ্দিন আল রনি। বক্তারা বলেন, সমবায় জনগণের অর্থনৈতিক মুক্তির হাতিয়ার এবং গ্রামীণ অর্থনীতি ও স্বনির্ভর সমাজ গঠনে এর বিকল্প নেই।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিআরডিবি অফিসার ফয়সল আহমেদ চৌধুরী, চৌমুহনী ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, পৌর বিএনপির সভাপতি গোলাপ খান, সাবেক সহ-সভাপতি আব্দুল আজিজ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কয়েছ আহমেদ সালমান, সাংবাদিক হামিদুর রহমান, রোকন উদ্দিন লস্কর, এম এ কাদের, ও আনোয়ার হোসেন বেলালসহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও সমবায়ী সংগঠনের প্রতিনিধিরা।আলোচনা শেষে সমবায় দিবসের তাৎপর্য তুলে ধরে অংশগ্রহণকারীদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন