- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

মাধবপুরে ভেন্টিলেটর ভেঙে ব্যাংক কর্মকর্তার বাড়িতে চুরি

হবিগঞ্জের মাধবপুরে ভেন্টিলেটর ভেঙে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মহসিনুর রহমান মুর্শেদের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার বহরা ইউনিয়নের উত্তর শিক গ্রামের বাড়িতে এ চুরি সংঘটিত হয়।

জানা গেছে, চোরেরা বাড়ির ভেন্টিলেটর ভেঙে ঘরে প্রবেশ করে নগদ টাকা, স্বর্ণালংকার, আইপিএস, টেলিভিশনসহ বিভিন্ন মূল্যবান মালামাল নিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মহসিনুর রহমান মুর্শেদ পরিবার নিয়ে ঢাকায় বসবাস করেন। তার ছোট ভাই মিশু পোল্যান্ডের নাগরিক। বাড়িতে কেউ না থাকার সুযোগে চোরেরা ভেন্টিলেটর ভেঙে ঘরে প্রবেশ করে চুরি করে বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে চুরি যাওয়া মালামাল ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন