- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন সামনে রেখে
মাধবপুরে ভোটকেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন-২০২৬ সামনে রেখে হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুরমা ও তেলিয়াপাড়া চা বাগানের ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জাকির হোসেন।

শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টায় তিনি সুরমা চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তেলিয়াপাড়া চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি ভোটকেন্দ্রের সার্বিক পরিবেশ, নির্বাচনী প্রস্তুতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে সংশ্লিষ্ট কর্মকর্তা ও নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন জেলা প্রশাসক। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে তিনি প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পাশাপাশি নির্বাচনী আচরণবিধি মেনে চলা এবং ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান ও সহকারী কমিশনার (ভূমি) মৈত্রী রায়। এদিকে চা বাগান পরিদর্শনকালে জেলা প্রশাসক চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন, তাঁদের সন্তানদের গুণগত শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

উল্লেখ্য, দীর্ঘ আট বছর পর আগামী ২৮ নভেম্বর শনিবার দেশের চা বাগানগুলোতে পঞ্চায়েত কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে মাধবপুর উপজেলার পাঁচটি চা বাগানের সাতটি পঞ্চায়েত কমিটির ১০৫টি পদের বিপরীতে ২১টি প্যানেলে মোট ৩১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এসব নির্বাচনে মোট ভোটার রয়েছেন ৪ হাজার ৯১৪ জন। বাগানভিত্তিক নির্বাচনী তথ্যে জানা যায়, তেলিয়াপাড়া চা বাগানে ১৫টি পদের বিপরীতে তিনটি প্যানেলে ৪৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ বাগানে ভোটার ৭৫৫ জন। সুরমা চা বাগানের তিনটি পঞ্চায়েত কমিটির ৪৫টি পদের বিপরীতে নয়টি প্যানেলে ১৩৫ জন প্রার্থী রয়েছেন। সেখানে ভোটার ২ হাজার ১২৪ জন। নয়াপাড়া চা বাগানে ১৫টি পদের বিপরীতে চারটি প্যানেলে ৬০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ বাগানে ভোটার ৮৫০ জন। বৈকুণ্ঠপুর চা বাগানে ১৫টি পদের বিপরীতে দুটি প্যানেলে ৩০ জন প্রার্থী রয়েছেন। ভোটার ৩৮৬ জন।

অন্যদিকে জগদীশপুর চা বাগানে ১৫টি পদের বিপরীতে তিনটি প্যানেলে ৪৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ বাগানে মোট ভোটার ৭৯৯ জন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন