- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

মাধবপুরের আলোচিত ডাকাতি মামলায় তিন আসামি গ্রেফতার

হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজিবাজার এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে সংঘটিত ডাকাতির ঘটনায় তিন পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-৯।

রোববার (১৯ জুলাই) দুপুর আড়াইটায় র‍্যাব-৯ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২০ জুন দিবাগত রাত ২টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দরা এলাকার ব্যবসায়ী মো. সামছুল আলম সরকার তার স্ত্রী ও পরিবারের সদস্যদের নিয়ে নিজস্ব টয়োটা অ্যাক্সিও গাড়িতে সিলেটে হযরত শাহজালাল (রহ.) ও শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারতের উদ্দেশ্যে রওনা হন। পথে মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্রের সামনে পৌঁছালে পুলিশের পোশাক পরিহিত ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল তাদের গাড়ির গতিরোধ করে।” ডাকাতরা অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে মারধর করে চারটি মোবাইল ফোন, নগদ ৯৩ হাজার টাকা ও গাড়ির চাবি ছিনিয়ে নেয়। পরে ডাকাতরা ভুক্তভোগীদের ব্যবহৃত গাড়িটি নিয়ে সিলেটের দিকে পালিয়ে যায়। এ ঘটনায় মো. সামছুল আলম সরকার বাদী হয়ে মাধবপুর থানায় অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনকে আসামি করে মামলা দায়ের করেন।”

ঘটনার পর র‍্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৮ জুলাই) বিকেল ৫টা ১০ মিনিটে শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর রেলক্রসিং এলাকায় এবং রাত ৯টা ১০ মিনিটে মাধবপুর উপজেলার জগদীশপুর এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ডাকাতির ঘটনায় জড়িত তিন পলাতক আসামিকে গ্রেফতার করা হয়।”

গ্রেফতারকৃতরা হলেন—ঢাকার তুরাগ উপজেলার রোশাদিয়া গ্রামের মৃত ফরিদ মিয়ার ছেলে রাসেল মিয়া (৩৯), মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের বড় ধলিয়া গ্রামের কাউসার মিয়ার ছেলে শিপন মিয়া (২৫) এবং একই গ্রামের মৃত লালখা মিয়ার ছেলে অহিবুর রহমান (২৫)।”

র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও জানান, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।”

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন