- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

মাধবপুর-চুনারুঘাটে ৭ লাখ টাকার ভারতীয় গরু ও মদ জব্দ

হবিগঞ্জের মাধবপুর ও চুনারুঘাট উপজেলার সীমান্ত এলাকায় পৃথক চারটি চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ৯টি ভারতীয় গরু ও ৬৬ বোতল ভারতীয় মদ জব্দ করেছে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)। জব্দ করা এসব পণ্যের বাজার মূল্য ৭ লাখ ২৯ হাজার টাকা।

বিজিবি সূত্র জানায়, ২৭ সেপ্টেম্বর বিকেল পৌনে ৫টার দিকে চুনারুঘাট উপজেলার আমু চা-বাগান এলাকায় অভিযান চালিয়ে চিমটিবিল বিওপির একটি টহলদল। সীমান্ত পিলার ১৯৭৩/এম থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পরিচালিত এ অভিযানে মালিকবিহীন অবস্থায় ৯টি ভারতীয় গরু জব্দ করা হয়। জব্দ গরুগুলোর বাজার মূল্য ৬ লাখ ৩০ হাজার টাকা।

এর আগে ২৬ সেপ্টেম্বর মাধবপুর ও চুনারুঘাট উপজেলার সীমান্তসংলগ্ন কৃষ্ণছড়া, ১৭ নম্বর চা-বাগান ও বনগাঁও এলাকায় পৃথক অভিযান চালায় কালেঙ্গা ও তেলিয়াপাড়া বিওপির টহলদল। এসব অভিযানে মালিকবিহীন অবস্থায় ৬৬ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। জব্দ মদের বাজার মূল্য ৯৯ হাজার টাকা।

বিজিবি জানিয়েছে, পৃথক চারটি অভিযানে সর্বমোট ৯টি ভারতীয় গরু ও ৬৬ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে। জব্দ করা মদ ও গরু বিধি অনুযায়ী সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন,’সীমান্ত দিয়ে চোরাচালান ও মাদকদ্রব্যের অনুপ্রবেশ প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন