হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে প্রকাশ্যে গাঁজা সেবনের অভিযোগে কাওসার (২৫) নামে এক যুবককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অনাদায়ে ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
রোববার (৫ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত কাওসার মাধবপুর পৌরসভার কাচারি গ্রামের আকবর আলীর ছেলে।
জানা গেছে, স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাঙ্গণে প্রকাশ্যে গাঁজা সেবনকালে দায়িত্বরত আনসার সদস্যরা তাকে হাতেনাতে আটক করেন। আনসার প্লাটুন কমান্ডার ইয়াসিন খানের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাকে আটক করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জনসম্মুখে মাদক সেবনের দায়ে কাওসারকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং অনাদায়ে ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইমরুল হাসান জাহাঙ্গীরসহ উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১ জুলাই থেকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন আনসার সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। দায়িত্ব গ্রহণের পর এটি তাদের উল্লেখযোগ্য একটি অভিযান।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার সদস্য মোতায়েনের ফলে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার হয়েছে। রোগী, স্বজন ও চিকিৎসাকর্মীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে এবং মাদকমুক্ত মাধবপুর গড়ে তুলতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
