- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

মাধবপুর সমাজসেবা কার্যালয়ে জুতা খুলে প্রবেশ, নিয়ম নিয়ে প্রশ্ন

হবিগঞ্জের মাধবপুর উপজেলা সমাজসেবা কার্যালয়ে সেবা নিতে আসা লোকজনকে জুতা খুলে প্রবেশ করতে হচ্ছে। তবে কার্যালয়ের ভেতরে কিছু ব্যক্তি জুতা না খুলেই প্রবেশ করছেন—এমন অভিযোগ করেছেন সেবাগ্রহীতারা। এতে কার্যালয়ে পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা বজায় রাখার উদ্যোগটি সবার জন্য সমানভাবে কার্যকর হচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

সেবাগ্রহীতাদের অভিযোগ, প্রায় এক সপ্তাহ ধরে কার্যালয়ে প্রবেশের আগে জুতা খুলে রাখার ব্যবস্থা চালু হয়েছে। ফলে বিশেষ করে বয়স্ক ব্যক্তি ও পায়ে সমস্যা থাকা মানুষের ভোগান্তিতে পড়তে হচ্ছে। অনেকেই বলছেন, সরকারি সেবা নিতে এসে এ ধরনের নিয়ম তাদের কাছে অস্বাভাবিক মনে হয়েছে।

কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুবেল মন্ডল দায়িত্ব নেওয়ার পর পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা বজায় রাখার কথা বলে এ ব্যবস্থা চালু করা হয়। জুতা রাখার জন্য বক্স স্থাপনের কথাও জানিয়েছে কর্তৃপক্ষ।

কার্যালয়ের ইউনিয়ন সমাজকর্মী রঞ্জিত বিশ্বাস বলেন, শৃঙ্খলা বজায় রাখার অংশ হিসেবেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে। কর্মকর্তা দায়িত্ব নেওয়ার পর থেকে এটি চালু রয়েছে।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুবেল মন্ডল বলেন, ‘অফিসে শৃঙ্খলা বজায় রাখতেই এ ব্যবস্থা চালু করা হয়েছে। জুতা রাখার জন্য বক্সের ব্যবস্থা করা হবে। তবে বিষয়টি বাধ্যতামূলক নয়।’

তবে সেবাগ্রহীতাদের কেউ কেউ বলছেন, বাস্তবে তাদের জুতা খুলেই কার্যালয়ে প্রবেশ করতে হয়েছে। নাজমা বেগম নামে এক সেবাগ্রহীতা বলেন, পায়ে সমস্যা থাকা সত্ত্বেও তাকে জুতা খুলে অফিসে ঢুকতে হয়েছে। এ ধরনের নিয়ম তিনি আগে কোথাও দেখেননি।

উপজেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মির্জা ইকরাম সরকারি কার্যালয়ে জুতা খুলে প্রবেশের বিষয়টিকে ‘আজগুবি’ উল্লেখ করে বলেন, শৃঙ্খলা ও পরিচ্ছন্নতার জন্য যুক্তিসংগত ব্যবস্থা নেওয়া যেতে পারে। তবে তা যেন সাধারণ মানুষের ভোগান্তির কারণ না হয়।

স্থানীয়দের মতে, সরকারি কার্যালয় পরিচ্ছন্ন রাখা জরুরি। তবে কোনো নিয়ম চালু করা হলে তা সবার জন্য সমানভাবে কার্যকর হওয়া উচিত। একই সঙ্গে বয়স্ক ও শারীরিকভাবে অসুবিধায় থাকা সেবাগ্রহীতাদের বিষয়টিও বিবেচনায় নেওয়া প্রয়োজন।

এ বিষয়ে হবিগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জালাল উদ্দিন বলেন, ‘বিষয়টি খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন