লাখাই উপজেলার করাব রহমানিয়া দাখিল মাদ্রাসার বিভিন্ন মালামাল গভীর রাতে পাচারকালে মালামালসহ একটি পিক-আপভ্যান গাড়ী আটক করার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দিবাগত রাত অনুমান ১টায়।
এলাকাবাসী ও বিশ্বস্ত সুত্রে জানা যায়, ওই মাদ্রাসার সুপার মাওলানা রফিকুল ইসলাম, সহকারী শিক্ষক আব্বাস উদ্দীন, নজির হোসেন ও নৈশ্য প্রহরী মিজানুর রহমানসহ মাদ্রাসার শিক্ষকগণ একে অপরের যোগাযোগ সাজসে সরকারি সম্পদ আত্মসাৎ করার উদ্দেশ্যে মাদ্রাসার পুরাতন বই, খাতা সহ বিভিন্ন মালামাল বিধিবহির্ভূত ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কে অবহিত না করে বিক্রি করে দেয়। ওই বিক্রিত মালামাল এলাকার লোকজন হাতেনাতে ধরে পুলিশ কে খবর দেন।খবর পেয়ে পুলিশের এসআই নুরুল ইসলাম মোল্লা সঙ্গীয় পুলিশ ফোর্স সহ রাতে ঘটনাস্থলে পৌঁছে এবং জনতার নিকট থেকে গাড়ীর চাবি নিজ হেফাজতে নেন।
এ বিষয়ে ওই মাদ্রাসার সুপার মাওলানা রফিকুল ইসলামের সাথে একাধিকবার ফোনে যোগাযোগ করলে তার ফোন বন্ধ থাকায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে সহকারী শিক্ষক আব্বাস উদ্দীন বলেন মাদ্রাসার সুপার সহ সকল শিক্ষক মিলে আলোচনা করেই পুরাতন মালামাল বিক্রি করার সিদ্ধান্ত নিয়েই বিক্রি করা হয়েছে তবে রাতের আঁধারে মালামাল দেয়া ঠিক হয়নি।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম বলেন উর্ধতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোন শিক্ষা প্রতিষ্টান সরকারী মালামাল বিক্রি করার কোন বিধান নেই তবে কোন শিক্ষা প্রতিষ্ঠান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আমার দপ্তরের মাধ্যমে রেজুলেশন করে প্রকাশ্যে নিলামের মাধ্যমে এবং সরকারের কোষাগারে বিক্রিত মালামালের টাকা চালানের মাধ্যমে ব্যাংকে জমা দেয়ার সাপেক্ষে বিক্রি করার বিধান রয়েছে।
তিনি আরও বলেন উর্ধতন কর্তৃপক্ষ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে আমার আলাপ হয়েছে ঘটে যাওয়া বিষয়টির সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে এবং এ ঘটনায় আমি বাদী হয়ে লাখাই থানায় মাদ্রাসা সুপার রফিকুল ইসলাম কে প্রধান আসামী করে ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে লাখাই থানার ওসি মোঃ জাহিদুল হক জানান, গতরাতে মালামাল সহ গাড়িটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে এবং এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়াধীন আছে। আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এ ঘটনায় উপজেলা জুড়ে চলছে নানা গুঞ্জন। এ ঘটনায় বিভিন্ন যোগাযোগ মাধ্যমে প্রচার হলে এ বিষয়টি নিয়ে জনমনে আলোচনা ও সমালোচনা ঝড় বইছে।
