মৌলভীবাজার সদর উপজেলায় পবিত্র রমজান মাসে মাজারে ওরসের নামে নারী দিয়ে অশ্লীল গান, জুয়া ও মাদক দ্রব্য সেবনের ভিডিও প্রকাশ করায় রিপন মিয়া (২৯) নামে এক সাংবাদিককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী রিপন মিয়া ‘দৈনিক বাংলাদেশ সমাচার’-এর মৌলভীবাজার সদর প্রতিনিধি এবং মৌলভীবাজার প্রেসক্লাবের সদস্য। এ ঘটনায় তিনি সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, ১নং খলিলপুর ইউনিয়নের সাটিয়া শাহ মদরিছ (রহ.) মাজারে নারী দিয়ে অশ্লীল গান, জুয়া ও মাদক দ্রব্য সেবনের ভিডিও করায় এবং গান-বাজনার আয়োজনকে কেন্দ্র করে স্থানীয় আলেম-উলামা ও সাধারণ মানুষ প্রতিবাদ সভার আয়োজন করেন। পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে সাংবাদিক রিপন মিয়া সেই ভিডিও ধারণ করে গত ৫ মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন।
ভিডিও প্রকাশের জেরে ক্ষুব্ধ হয়ে গত ৬ মার্চ রাত সাড়ে ১২টার দিকে মাজারের সামনে অভিযুক্ত কামাল মিয়া (৩৫), আশিক মিয়া (৫৫), শামীম মিয়াসহ আরও কয়েকজন রিপন মিয়াকে ঘিরে ধরে গালিগালাজ শুরু করেন। একপর্যায়ে হামলাকারীরা তাকে এলোপাতাড়ি মারধর করে আহত করেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে, হামলাকারীরা রিপন মিয়ার পকেটে থাকা নগদ ২০ হাজার টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয় এবং তার মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা চালায়। পরে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।
ভুক্তভোগী সাংবাদিক জানান, হামলাকারীরা তাকে এলাকায় সাংবাদিকতা করতে নিষেধ করেছেন এবং প্রাণনাশের হুমকি দিয়েছেন। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা না হওয়ায় তিনি আইনের আশ্রয় নিয়েছেন।
এ বিষয়ে মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, “একজন সাংবাদিকের লিখিত অভিযোগ আমরা পেয়েছি। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের ওপর এমন বর্বরোচিত হামলায় স্থানীয় সংবাদকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। তারা দ্রুত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।
