নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানির ওপর ক্ষিপ্ত ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই শরতে নিউইয়র্ক সিটিতে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেবেন নেতানিয়াহু। এ সময় তাকে গ্রেপ্তারের হুমকি দিয়েছিনে এই শহরের মেয়র জোহরান মামদানি। তা নিয়ে মামদানির বিরুদ্ধে বিষোদগার করেছেন নেতানিয়াহু। তিনি বলেছেন, তার বিরুদ্ধে ঘৃণা উসকে দিয়েছেন মামদানি। গত সপ্তাহে মামদানি তার আগের অবস্থান থেকে সরে আসেন। তিনি স্বীকার করেন, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে নেতানিয়াহুকে গ্রেপ্তার করার আইনি ক্ষমতা তার নেই। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
রোববার ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, মামদানির আগের প্রতিশ্রুতি নিয়ে তিনি উদ্বিগ্ন নন। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, নিউইয়র্কের মেয়র ঘৃণা উসকে দিচ্ছেন। নেতানিয়াহু বলেন, তিনি তো সব নিউইয়র্কবাসীর মেয়র হওয়ার কথা- ইহুদি, খ্রিস্টান, মুসলিম, সবার। কিন্তু তিনি এক সম্প্রদায়কে আরেক সম্প্রদায়ের বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা করছেন। বৃহস্পতিবার নিউইয়র্কে পৃথক দুটি ছুরিকাঘাতের ঘটনার কথাও উল্লেখ করেন নেতানিয়াহু। ওই ঘটনায় একজন সন্দেহভাজন কয়েক ব্লকের ব্যবধানে এক ইহুদি ও এক এশীয় ব্যক্তিকে ছুরিকাঘাত করে। পুলিশের তথ্য অনুযায়ী, হামলার সময় সন্দেহভাজন ব্যক্তি ‘আল্লাহু আকবার’ বলে চিৎকার করে। এ ঘটনায় দুই ভুক্তভোগীর বিরুদ্ধে সংঘটিত হামলার জন্য তার বিরুদ্ধে পৃথকভাবে বিদ্বেষপ্রসূত অপরাধের অভিযোগ আনা হয়েছে। দুই ব্যক্তি হামলায় আহত হলেও প্রাণে বেঁচে গেছেন। ঘটনাটি নিউইয়র্কের ইহুদি ও এশীয়-আমেরিকান নেতাদের তীব্র নিন্দার মুখে পড়ে।
এর পরিপ্রেক্ষিতে নেতানিয়াহু বলেন, নিউইয়র্কের ইহুদিরা এখন ভীত। এ বিষয়ে মন্তব্য জানতে চাওয়া হলেও মেয়রের কার্যালয় তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। ফিলিস্তিনিদের অধিকারের জোরালো সমর্থক মামদানি গত বছরের নির্বাচনী প্রচারে গাজায় ইসরাইলি সামরিক অভিযানের বিরোধিতাকে অন্যতম প্রধান ইস্যু করেন। গত সপ্তাহে দেয়া এক বক্তব্যে তিনি নেতানিয়াহুকে যুদ্ধাপরাধী বলে আখ্যা দেন। নির্বাচনী প্রচারের সময় মামদানি প্রতিশ্রুতি দেন, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ২০২৪ সালে নেতানিয়াহুর বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, তিনি তা কার্যকর করবেন। ওই পরোয়ানায় গাজায় যুদ্ধাপরাধের অভিযোগ আনা হয়।
ইসরাইল গাজায় যুদ্ধাপরাধ সংঘটনের অভিযোগ অস্বীকার করেছে। নেতানিয়াহুও এসব অভিযোগকে ভিত্তিহীন বলে মন্তব্য করেন। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস নেতৃত্বাধীন হামলায় ইসরাইলে প্রায় ১২০০ জন নিহত হয় এবং ২৫১ জনকে জিম্মি করে তারা। এর জবাবে ইসরাইলি বাহিনী গাজায় নৃশংস সামরিক অভিযান শুরু করে। এর পর থেকে গাজায় ইসরাইলি হামলায় ৭৩ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে ২১ হাজারেরও বেশি শিশু রয়েছে বলে হামাস-নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি। জাতিসংঘ জানিয়েছে, সংস্থাটির প্রকাশিত পরিসংখ্যানকে তারা নির্ভরযোগ্য বলে বিবেচনা করে।
গত সপ্তাহে দ্য নিউইয়র্ক টাইমস মামদানির কাছে তার গ্রেপ্তারের প্রতিশ্রুতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, তার প্রশাসন আইন পর্যালোচনা করে দেখেছে যে, এই পরোয়ানা কার্যকর করার স্বাধীন আইনি ক্ষমতা তাদের নেই। তবে তিনি যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তারাই যেন ইসরাইলের প্রধানমন্ত্রীকে গ্রেপ্তার করে। একই সঙ্গে তিনি বলেন, বেনিয়ামিন নেতানিয়াহুকে নিউইয়র্ক সিটি স্বাগত জানায় না।