মার্কিন যুক্তরাষ্ট্রের অনভিবাসী ভিসার জন্য আবেদনকারীদের সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইল ‘পাবলিক’ বা উন্মুক্ত রাখার নির্দেশনা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শুক্রবার (৫ জুন) প্রকাশিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।
দূতাবাসের নির্দেশনা অনুযায়ী, গত ৩০ মার্চ থেকে এ-৩, সি-৩ (গৃহকর্মী ক্ষেত্রে), জি-৫, এইচ-৩ এবং তাদের নির্ভরশীল এইচ-৪, কে-১, কে-২, কে-৩, কিউ, আর-১, আর-২, এস, টি ও ইউ ক্যাটাগরির ভিসা আবেদনকারীদের সব সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টের গোপনীয়তা (প্রাইভেসি) সেটিংস ‘পাবলিক’ রাখতে হবে।
বার্তায় বলা হয়েছে, আবেদনকারীদের পরিচয় ও যুক্তরাষ্ট্রে প্রবেশের যোগ্যতা যাচাইয়ের প্রক্রিয়াকে আরও কার্যকর ও সহজ করার লক্ষ্যে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট ভিসা প্রার্থীদের আবেদন প্রক্রিয়ার অংশ হিসেবে তাদের সামাজিক যোগাযোগমাধ্যম প্রোফাইল উন্মুক্ত রাখার আহ্বান জানানো হয়েছে।