- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

মাউন্ট এডোরা হসপিটালে নারী চিকিৎসকদের তত্ত্বাবধানে মাতৃত্বসেবার নতুন উদ্যোগ

সিলেটের আখালিয়ায় মাউন্ট এডোরা হসপিটালে নারীদের জন্য সম্পূর্ণ নারী চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সমন্বয়ে বিশেষায়িত ‘অল ওমেন মেটারনিটি কেয়ার’ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও মানসম্মত মাতৃত্বসেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে চালু হওয়া এ বিশেষায়িত ইউনিটকে সিলেটের স্বাস্থ্যসেবায় একটি সময়োপযোগী ও মানবিক সংযোজন হিসেবে অভিহিত করেছেন অতিথিরা।

বুধবার (২ সেপ্টেম্বর) ফিতা ও কেক কাটার মাধ্যমে ‘অল ওমেন মেটারনিটি কেয়ার’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব আব্দুল কাইয়ুম চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, মুসলিম প্রধান দেশের অনেক মা-বোনের প্রত্যাশা—তারা যেন পর্দাশীল ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশে কোনো পুরুষের স্পর্শ ছাড়াই একজন নারী চিকিৎসক এবং সম্পূর্ণ নারী মেডিকেল টিমের তত্ত্বাবধানে নিরাপদে সিজারিয়ান সেকশন কিংবা নরমাল ডেলিভারি করাতে পারেন। ঐতিহ্যবাহী নগরী সিলেটে মাউন্ট এডোরা হসপিটালের ‘অল ওমেন মেটারনিটি কেয়ার’ চালু হওয়া নিঃসন্দেহে একটি সময়োপযোগী, মানবিক ও প্রশংসনীয় উদ্যোগ।

তিনি আরও বলেন, নারীদের জন্য সম্পূর্ণ নারী চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সমন্বয়ে গড়ে ওঠা এ ধরনের বিশেষায়িত মাতৃত্বসেবা ব্যবস্থা মা-বোনদের মনে স্বস্তি ও আস্থা তৈরি করবে এবং সিলেটের স্বাস্থ্যসেবায় একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করবে। তিনি মাউন্ট এডোরা হসপিটালের এ মহতী উদ্যোগের সফলতা কামনা করে হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানের বিশেষ অতিথি, সুরমা মেডিকেল সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং ‘অল ওমেন মেটারনিটি কেয়ার’-এর স্বপ্নদ্রষ্টা অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম বলেন, এ বিশেষায়িত সেবার অন্যতম বৈশিষ্ট্য হলো—নিরাপত্তা প্রহরী থেকে শুরু করে চিকিৎসক, নার্স ও অভিজ্ঞ মেডিকেল টিমের সদস্যরা সবাই নারী। ফলে বিশেষ করে প্রসবকালীন সময়ে নারী রোগীরা একটি স্বস্তিদায়ক, নিরাপদ ও আস্থাপূর্ণ পরিবেশে চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন।

তিনি বলেন, আধুনিক ও উন্নতমানের অপারেশন থিয়েটার (OT) এবং সমন্বিত মেটারনিটি কেয়ার সুবিধার মাধ্যমে আন্তর্জাতিক মানের চিকিৎসাসেবা প্রদানে তারা অঙ্গীকারবদ্ধ। সকল শ্রেণি-পেশা ও ধর্মের মানুষের আর্থিক সক্ষমতার বিষয়টি বিবেচনায় রেখে বিশেষজ্ঞ চিকিৎসক, অ্যানেস্থেশিওলজিস্ট ও ম্যানেজমেন্টের সমন্বয়ে তুলনামূলক কম খরচে সিজারিয়ান ও নরমাল ডেলিভারির জন্য সাশ্রয়ী বিভিন্ন প্যাকেজ নির্ধারণ করা হয়েছে।

অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম আরও বলেন, উদ্যোগটি চ্যালেঞ্জিং হলেও নারী রোগীদের চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য। সেবার ক্ষেত্রে যেকোনো ত্রুটি-বিচ্যুতি চিহ্নিত করে তা সংশোধনের মাধ্যমে সাধারণ মানুষের কল্যাণে এ উদ্যোগকে এগিয়ে নেওয়া হবে।

অনুষ্ঠানের সভাপতি ও সুরমা মেডিকেল সার্ভিসেস লিমিটেডের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. মতিউর রহমান বলেন, সিলেট অঞ্চলের প্রতিটি মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়াই তাদের মূল লক্ষ্য। তিনি বলেন, মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সকল ধর্মের মায়েরা যাতে সম্পূর্ণ স্বাচ্ছন্দ্য ও নিশ্চিন্ত মনে মাতৃত্বসেবা গ্রহণ করতে পারেন, সে লক্ষ্যেই এই ‘অল-ফিমেল’ বা সম্পূর্ণ নারী পরিচালিত সেবার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি এ শুভ উদ্যোগের সফল বাস্তবায়নে সকলের আন্তরিক দোয়া, আশীর্বাদ ও সহযোগিতা কামনা করেন।

প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ও সার্জন এবং মাউন্ট এডোরা ফার্টিলিটি সেন্টারের পরিচালক ডা. কিশোয়ার পারভীন বলেন, প্রতিষ্ঠার শুরু থেকেই মাউন্ট এডোরা হসপিটালের লক্ষ্য ছিল একটি সুপার স্পেশালাইজড হাসপাতাল গড়ে তোলা। আইভিএফ সেন্টারের সফল সূচনার পর সিলেটের মানুষের চাহিদা ও প্রত্যাশাকে বিবেচনায় নিয়ে সম্পূর্ণ নারী চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে পরিচালিত ‘অল ওমেন মেটারনিটি কেয়ার’ চালু করা হয়েছে।

তিনি বলেন, সিলেটের অধিকাংশ নারী রোগী নারী চিকিৎসকের কাছে গাইনি সেবা নিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। পুরুষ চিকিৎসকের কাছে চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে অনেক নারীর যে দ্বিধা বা অস্বস্তি রয়েছে, তা দূর করে সর্বোচ্চ স্বাচ্ছন্দ্য ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করাই এ উদ্যোগের অন্যতম প্রধান উদ্দেশ্য।

নরমাল ডেলিভারি প্রসঙ্গে ডা. কিশোয়ার পারভীন বলেন, অনেকের মধ্যে একটি ধারণা রয়েছে যে হাসপাতালে গেলেই সিজারিয়ান করতে হয়—এটি সঠিক নয়। অনেক সময় বাড়িতে দীর্ঘ সময় চেষ্টা করার পর রোগীর অবস্থা জটিল বা আশঙ্কাজনক হয়ে গেলে হাসপাতালে নিয়ে আসতে হয়, তখন পরিস্থিতির কারণে সিজারিয়ান ছাড়া বিকল্প থাকে না। রোগীরা সময়মতো হাসপাতালে এলে এবং চিকিৎসাগত জটিলতা না থাকলে স্বাভাবিক প্রসব বা নরমাল ডেলিভারির জন্য সর্বোচ্চ চেষ্টা করা হবে বলে তিনি আশ্বাস দেন।

‘অল ওমেন মেটারনিটি কেয়ার’-এর মাধ্যমে প্রসূতি ও স্ত্রীরোগ সংক্রান্ত চিকিৎসায় নারী রোগীদের জন্য একটি সমন্বিত ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। নারী চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের সমন্বয়ে পরিচালিত এ সেবায় প্রসবপূর্ব পরামর্শ, প্রসবকালীন ব্যবস্থাপনা, নরমাল ডেলিভারি, প্রয়োজনীয় ক্ষেত্রে সিজারিয়ান সেকশন এবং প্রসব-পরবর্তী সেবাকে গুরুত্ব দেওয়া হয়েছে।

আধুনিক অপারেশন থিয়েটার, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম এবং অভিজ্ঞ মেডিকেল টিমের সমন্বয়ে নিরাপদ মাতৃত্বসেবা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সুরমা মেডিকেল সার্ভিসেস লিমিটেডের পরিচালক অধ্যাপক ডা. এম এ আহবাব, পরিচালক ডা. সৈয়দ মাহমুদ হাসান, পরিচালক অধ্যাপক ডা. কে এম আখতারুজ্জামান, পরিচালক ডা. মো. বাকি বিল্লাহ, সিলেট সিটি কর্পোরেশনের চিফ ইঞ্জিনিয়ার মো. আলী আকবর, বিশিষ্ট প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ও সার্জন ডা. শাহিনারা ইসলাম মেরিন এবং চিফ অপারেটিং অফিসার ডা. তানভীরুজ্জামানসহ হাসপাতালের অন্যান্য চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও সুধীবৃন্দ।

অনুষ্ঠানের শেষভাগে অতিথিরা মাউন্ট এডোরা হসপিটালের সদ্য চালু হওয়া ‘অল ওমেন মেটারনিটি কেয়ার’ ইউনিটের বিভিন্ন অপারেশন থিয়েটার, কক্ষ, চিকিৎসা সুবিধা ও আধুনিক যন্ত্রপাতি পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তারা এ বিশেষায়িত মাতৃত্বসেবার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

হাসপাতাল কর্তৃপক্ষের প্রত্যাশা, নারীদের বিশেষ প্রয়োজন ও স্বাচ্ছন্দ্যকে অগ্রাধিকার দিয়ে পরিচালিত এ ‘অল ওমেন মেটারনিটি কেয়ার’ ভবিষ্যতে সিলেট অঞ্চলে নিরাপদ, সাশ্রয়ী ও মানসম্মত মাতৃত্বসেবা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন