প্রফেসর ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী
মেধাবৃত্তির পুরস্কার শিক্ষার্থীদেরকে উচ্চশিক্ষার অনুপ্রেরণা জোগাবে

রাগীব-রাবেয়া বৃত্তি পরিষদের উদ‍্যোগে রাগীব রাবেয়া এইচেসসি/ আলিম মেধাবৃত্তি-২০২৫ এর পুরস্কার বিতরণী অনষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জানুয়ারি ২০২৬) দুপুর ২টায় সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির গ‍্যালারি-১ এ রাগীব-রাবেয়া ফাউন্ডেশন এবং লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলীর সভাপতিত্বে রাগীব রাবেয়া এইচেসসি/ আলিম মেধাবৃত্তি-২০২৫ এর মেধাবৃত্তির পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদেরকে পুরস্কার প্রদান করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এ এম সরওয়ার উদ্দিন চৌধুরী।

মেধাবৃত্তির পুরস্কার শিক্ষার্থীদেরকে উচ্চশিক্ষার অনুপ্রেরণা জোগাবে উল্লেখ করে এসময় প্রফেসর ড. এ এম সরওয়ার উদ্দিন চৌধুরী বলেন, উচ্চশিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদেরকে সমাজে একজন উপযুক্ত মানুষ হয়ে দেশের উন্নয়নে কাজ করতে হবে। আজকের এই মেধাবৃত্তির পুরস্কার শিক্ষার্থীদেরকে ভবিষ্যৎ ভালো মানুষ হওয়ার প্রেরণা দিবে বলেও তিনি আশা প্রকাশ করেন। তিনি আরো বলেন, এ অঞ্চলে শিক্ষার আলো ছড়াতে রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের এ উদ‍্যোগ খুবই প্রশংসনীয়। শিক্ষা ও স্বাস্থ্যখাতে দানবীর ড. সৈয়দ রাগীব আলীর অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে উল্লেখ করে তিনি তাঁর সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপমহাদেশের প্রখ‍্যাত দানবীর, অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ড. সৈয়দ রাগীব আলী বলেন, আজ তোমরা সবাই বিজয়ী এবং এই বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে হলে তোমাদেরকে পড়শোনা করতে হবে। পাশাপাশি অভিভাবকদেরকেও ছেলেমেয়েদের প্রতি দায়িত্ব নিয়ে তাদের পড়াশোনার প্রতি দৃষ্টি রাখতে হবে।
পরিশেষে লিডিং ইউনিভার্সিটির এই সুন্দর পরিবেশে আজকের এ অনুষ্ঠানে আসার জন‍্য তিনি অভিভাবকসহ শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে এই মেধাবৃত্তি প্রদান চলমান থাকবে বলেও ঘোষণা করেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠান সন্মানিত অতিথি হিসেবে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন শিক্ষার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেন, শিক্ষার্থীদেরকে অর্জিত মেধাকে ধরে রাখতে হবে এবং পরিবার, সমাজ তথা দেশের উন্নয়নে এ মেধাকে কাজে লাগিয়ে ভালো মানুষ হওয়ার স্বপ্ন এবং স্বপ্নকে বাস্তবায়িত করার চেষ্টা করতে হবে। পিতা মাতার কথা মেনে চলে বড় হওয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে হবে।

তিনি আরো বলেন, লিডিং ইউনিভার্সিটি থেকে এ পর্যন্ত বার হাজারেরও বেশি গ্র‍্যাজুয়েটস উচ্চশিক্ষা নিয়ে দেশ ও দেশের বাইরে সাফল্যের সাথে কর্মরত রয়েছেন। তাই সুন্দর একাডেমিক পরিবেশ ও দক্ষ শিক্ষকমণ্ডলীর মাধ‍্যমে মানব সম্পদ তৈরির সুবর্ণ সুযোগ রয়েছে সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটিতে। পরিশেষে তিনি মানব সম্পদ উন্নয়নে দানবীর ড. সৈয়দ রাগীব আলীর পৃষ্ঠপোষকতায় প্রতিবছর লিডিং ইউনিভার্সিটিতে মেধাবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করার জন‍্য আয়োজক পরিষদকেও ধন্যবাদ জ্ঞাপন করেন।

প্রতিবারের মতো এবারও লিডিং ইউনিভার্সিটির ক‍্যাম্পাসে ২৫ ডিসেম্বর ২০২৫ সকাল ১০টায় অনুষ্ঠিত মেধাবৃত্তি পরীক্ষায় সিলেটের ৭০টি কলেজ এবং মাদরাসার প্রায়ই ১২০০জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

মেধাবৃত্তির পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম, রাগীব-রাবেয়া ফাউন্ডেশন ও লিডিং ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সচিব ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান এবং দৈনিক সিলেটের ডাক পত্রিকার অতিথি সম্পাদক মো. নজরুল ইসলাম বাসন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন রাগীব-রাবেয়া বৃত্তি পরিষদের কোষাধ‍্যক্ষ মাসুক আহমেদ।

রাগীব রাবেয়া বৃত্তি পরিষদের সভাপতি মো. লোকমান আলী এবং ফারহানা সাথীর সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পরীক্ষার ফলাফলে ১০০জন কৃতি শিক্ষার্থীকে সনদ ও নগদ অর্থ প্রদান করেন অতিথিবৃন্দ।

বিজয়ীদের মধ‍্যে প্রথম বিজয়ী নগদ দশ হাজার টাকা এবং সনদসহ পুরস্কার গ্রহণ করে সিলেট সরকারি আলিয়া মাদরাসার শিক্ষার্থী সাবিকুন নাহার খুশী। মেধাবৃত্তিতে দ্বিতীয় এবং তৃতীয় স্কলার্সহোম স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী আবিদা খান ঐশী এবং সেনজ‍্যুতি আহমেদ, চতুর্থ বিশ্বনাথ সরকারি কলেজের মোছা. সাবিহা সুলতানা, পঞ্চম সিলেট সরকারি কলেজের বিষ্ণু দেব, ষষ্ঠ সিলেট সরকারি মহিলা কলেজের সানিয়া রহমান চৌধুরী, সপ্তম সিলেট সরকারি কলেজের হাবিব আহমেদ ইফতি, অষ্টম শাহজালাল ইউনিভার্সিটি স্কুল এন্ড কলেজের রকিব হাসান, নবম তুরুখ্খলা ইসলামিয়া বালিকা আলিম মাদরাসার ফাতেমা খাতুন চৌধুরী এবং দশম সাদপুল দারুল হাদীস কামিল মাদরাসার শিক্ষার্থী আহসানুল হক হাসান।

লিডিং ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের গবেষণা কর্মকর্তা মো. জসিম উদ্দিনের সঞ্চালনায় পুরস্কার বিতরণীপূর্বে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন উপস্থিত অতিথিবৃন্দ, মেধাবৃত্তি পরিক্ষায় অংশগ্রহণকারি শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন রাগীব রাবেয়া বৃত্তি পরিষদের সাধারণ সম্পাদক এখলাছুর রহমান নাহিদ। অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের অভিভাবকসহ আয়োজক কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন