- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

মৃত্যু নিবন্ধন পারফরম্যান্সে সিলেট বিভাগে ১ম নবীগঞ্জের ইউএনও সুলতানা জেরিন

মৃত্যু নিবন্ধন পারফরম্যান্সে ২০২৬ (অক্টোবর) সিলেট বিভাগের সেরা ৩ উপজেলা নির্বাহী কর্মকর্তার মধ্যে ১ম স্থান অর্জন করেছেন হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা নিবাহী কর্মকর্তা সুলতানা জেরিন।

​বিভাগীয় কমিশনারের কার্যালয় ও স্থানীয় সরকার বিভাগের জেলা/বিভাগীয় সমন্বয় সভার পারফরম্যান্স মূল্যায়নে মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিতকরণ, নির্ভুল তথ্য হালনাগাদকরণ এবং শতভাগ লক্ষ্যমাত্রা অর্জনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এ কৃতিত্ব অর্জন করেন তিনি।

​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, (অক্টোবর) মাসে নবীগঞ্জ উপজেলার ইউনিয়ন পরিষদসমূহ এবং স্থানীয় প্রশাসনের যৌথ প্রচেষ্টায় সময়মতো মৃত্যু নিবন্ধন সম্পন্ন করার হার উল্লেখ্যযোগ্যভাবে বৃদ্ধি পায়। ইউএনও সুলতানা জেরিনের দূরদর্শী দিকনির্দেশনা ও নিবিড় তদারকির ফলে এ ক্ষেত্রে শতভাগ কার্যকারিতা অর্জন সম্ভব হয়েছে।

​এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিন বলেন, এই অর্জন শুধু আমার একার নয়, এটি উপজেলার সকল জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদের সচিব ও উদ্দ্যোক্তা এবং সহকর্মীদের সম্মিলিত প্রচেষ্টার ফল। নাগরিকদের জন্ম-মৃত্যু নিবন্ধন সেবা সহজ ও দ্রুত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। সামনের দিনগুলোতেও এ ধারাবাহিকতা বজায় রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

​সিলেট বিভাগে পারফরম্যান্সের দিক থেকে সেরা ৩ ইউএনও-র তালিকা প্রকাশ ও সংবর্ধনার মাধ্যমে প্রশাসনিক কর্মকর্তাদের এ ধরনের প্রশংসনীয় কাজের স্বীকৃতি দেওয়া হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন