হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২২ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ধর্মঘর ইউনিয়নের হরষপুর রেলস্টেশনের উত্তরে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘পারাবত এক্সপ্রেস’ ট্রেনটি হরষপুর স্টেশন এলাকা অতিক্রম করার সময় ওই যুবক রেললাইনের ওপর দিয়ে হাঁটছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, তিনি কানে মোবাইল ফোন দিয়ে কথা বলায় ব্যস্ত ছিলেন এবং ট্রেনের উপস্থিতি টের পাননি। এতে দ্রুতগামী ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় তার দেহ ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায়।
হরষপুর রেলস্টেশন মাস্টার মোহাম্মদ জাহিদ হোসেন জানান, দুর্ঘটনার পরপরই রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয় এবং পুলিশ আসা পর্যন্ত স্থানীয়দের সহায়তায় মরদেহটি সংরক্ষণ করা হয়।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে থানার ইনচার্জ (আইসি) মোঃ আব্দুল কাদের বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। সুরতহাল প্রতিবেদন শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
