হবিগঞ্জের মাধবপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পূর্ব মাধবপুর গ্রামে স্ত্রীর সঙ্গে মোবাইল ফোন নিয়ে ঝগড়ার জেরে মো. রহিম মিয়া (২৩) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার সকালে এ ঘটনা ঘটে।
নিহত রহিম মিয়া পূর্ব মাধবপুর গ্রামের আবুল বাশারের ছেলে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, রহিম মিয়া মোবাইল ফোন কিনে বাড়িতে আসার পর সেটি নিয়ে স্ত্রীর সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি ঘরের ভেতর গলায় ফাঁস দেন। পরে পরিবারের সদস্যরা বিষয়টি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে মাধবপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
