- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

মবের অপসংস্কৃতি শক্তভাবে দমন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে তৈরি হওয়া ‘মবের অপসংস্কৃতি’ সরকার শক্তভাবে দমন করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, মব বা গণপিটুনির ঘটনায় আলাদা কোনো আইন প্রয়োজন নেই। প্রচলিত আইনেই এ ধরনের ঘটনায় ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।

মঙ্গলবার দুপুরে সিলেট বিজিবি সেক্টর সদর দপ্তরে ‘সীমান্ত স্কুল অব সার্ভেইল্যান্স অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ার’ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘মবের বিষয়টি সাধারণ আইনের মধ্যেই আছে। এর জন্য আলাদা কোনো আইন প্রয়োজন নেই। সাধারণ আইনেই এ ধরনের ঘটনায় ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। আমরা খুব সজাগ আছি, সচেতন আছি। বাংলাদেশে মবের যে অপসংস্কৃতি সৃষ্টি হয়েছিল, সেটাকে আমরা শক্তভাবে মোকাবিলা করব।’

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী সিলেট বিজিবি সেক্টর সদর দপ্তরে ‘সীমান্ত স্কুল অব সার্ভেইল্যান্স অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ার’ উদ্বোধন করেন। পরে প্রশিক্ষণকেন্দ্রের কার্যক্রম ও বিভিন্ন ধরনের ড্রোনের ব্যবহারিক প্রদর্শনী দেখেন তিনি।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তের দুর্গম ও জনবল দিয়ে নজরদারি করা কঠিন এলাকাগুলোতে থার্মাল ও নাইট-মিশন সক্ষম ড্রোন ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। চোরাচালান, মাদক ও অস্ত্র পাচার, মানব পাচার এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ডিজিটাল প্রযুক্তিনির্ভর নজরদারি বাড়ানো হবে। এতে সীমান্তে অপরাধ শনাক্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।

বিজিবির জন্য দেশে ড্রোন তৈরি ও অ্যাসেম্বল করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘বর্তমানে আমরা এগুলো নিজেরাও এখানে অ্যাসেম্বল করছি, বানাচ্ছি। ভবিষ্যতে এটা আমাদের জন্য একটি ডিফেন্স ইন্ডাস্ট্রি হিসেবে গড়ে উঠতে পারে।’

প্রশিক্ষণকেন্দ্রে প্রদর্শিত আধুনিক ড্রোনগুলোর বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্বের আধুনিক বিভিন্ন ধরনের ড্রোনের কিছু এখানে রয়েছে। তবে সব ধরনের ড্রোন এখনো সংগ্রহ করা সম্ভব হয়নি। আগামী দুই বছরের মধ্যে বিশ্বের উন্নত ড্রোনগুলোর সমাহার এখানে করার চেষ্টা করা হবে।

অনুষ্ঠানে বিজিবির সেক্টর কমান্ডারসহ বিভিন্ন ব্যাটালিয়নের অধিনায়কেরা বক্তব্য দেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন