সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় বিষধর সাপের কামড়ে পোশাকের মা (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার মাছুয়াকান্দা গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাছুয়াকান্দা গ্রামের সোনা মিয়ার স্ত্রী পোশাকের মা রাতে বাড়ির বারান্দায় বসে ছিলেন। এ সময় বিদ্যুৎ চলে গেলে তিনি বারান্দা থেকে ঘরে যাওয়ার পথে একটি বিষধর সাপের কামড়ে আহত হন। সাপের কামড়ের পর তিনি চিৎকার করলে পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।
পরে স্বজনরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. নাঈম জোবায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, সাপের কামড়ে ওই বৃদ্ধার মৃত্যু হয়েছে।
