সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বাঙ্গালভিটা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২৮টি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা গরুগুলোর বাজার মূল্য ২২ লাখ ৪০ হাজার টাকা।
রোববার (২ আগস্ট) সুনামগঞ্জ-২৮ বিজিবি ব্যাটালিয়নের বাঙ্গালভিটা বিওপির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের চেঙ্গিছড়া সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় সীমান্ত পেরিয়ে অবৈধভাবে বাংলাদেশে আনা হচ্ছিল এমন ২৮টি মাঝারি আকারের ভারতীয় গরু জব্দ করা হয়।
বিজিবি জানায়, আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ কারণে কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে গরুগুলো জব্দ করে বিজিবির হেফাজতে নেওয়া হয়।
সুনামগঞ্জ-২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় এ অভিযান পরিচালিত হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে জব্দ করা গরুগুলো সংশ্লিষ্ট শুল্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি বলেন, দেশের সীমান্ত নিরাপদ রাখতে এবং চোরাচালানসহ সব ধরনের অবৈধ কর্মকাণ্ড দমনে বিজিবির টহল ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। সীমান্তে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
