
সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস বিজয় পেয়েছে বিএনপি। সিলেট বিভাগের ১৯টি আসনের মধ্যে ১৮টিতেই বিজয়ী হয়েছে দলটি। দলটির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আস্থা রাখায় ভোটে নির্বাচিত না হয়েও বিএনপির মন্ত্রীসভায় ঠাই পাচ্ছেন সিলেটের একাধিক নেতা। ইতোমধ্যে কেউ কেউ দলের হাইকমানেন্ডর গ্রীন সিগন্যাল পেয়েছেন।
বিএনপির মন্ত্রীসভায় ঠাই পেতে যাচ্ছেন চেয়ারম্যানের উপদেষ্টা মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ ড. মুহাম্মদ এনামুল হক চৌধুরী। তিনি টেকনোক্রেট কোটায় প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী অথবা প্রতিমন্ত্রী পদ মর্যাদায় প্রধানমন্ত্রীর মধ্যপ্রাচ্য বিষয়ক উপদেষ্টা হতে পারেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে।
ড. মুহাম্মদ এনামুল হক চৌধুরী সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার বাসিন্দা। অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ছিলেন তিনি। আসনটিতে দলের মনোনয়ন পেয়ে এমপি নির্বাচিত হয়েছেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী। সিলেটের বিভিন্ন আসনে বিএনপির প্রার্থীদের জন্য প্রচারণায় সক্রিয় অংশগ্রহণ করেন জিয়া পরিবারের বিশ্বস্তজন ড. এনামুল হক চৌধুরী।
জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত ড. মুহম্মদ এনামুল হক চৌধুরী বর্তমানে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও দলটির মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন। বিদেশে বড় হওয়া এবং উচ্চতর পড়াশোনার কারণে গতানুগতিক রাজনীতির বাইরে মানব কল্যাণের ব্রত নিয়ে অর্থনীতি নির্ভর কর্মকান্ডে বেশি আগ্রহী নতুন প্রজন্মের এই রাজনৈতিক নেতা। নতুন বিশ্ব ব্যবস্থায় সমৃদ্ধ জাতি গঠনে গনতন্ত্র ও কর্মসংস্থান সৃষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়ার পক্ষে তিনি। এই আলোকে শিক্ষা ব্যবস্থাকেও ঢেলে সাজাতে চান নুতন ধারার এ্ই রাজনীতি গবেষক।
ড. মুহম্মদ এনামুল হক চৌধুরী ঢাকা ও মদীনা বিশ্ববিদ্যালয়ে কৃতিত্বের সাথে অধ্যয়ন শেষে সাউদী আরবের ফরেন সার্ভিসে পলিটিকাল এনালাইসিস হিসেবে কর্মরত ছিলেন। সেই সাথে একটি আন্তর্জাতিক সেবা সংস্থায় কাজ করতেন। শহীদ জিয়ার রাজনৈতিক চেতনায় উদ্বুদ্ধ হয়ে যুক্ত হন বাংলাদেশ জাতীয়তাবাদী দলে। বেগম খালেদা জিয়ার মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত হিসেবে যোগদান করে অল্পদিনে ব্যাপক সাফল্য অর্জন করেছেন। বিনিময়ে বেগম খালেদা জিয়া তাকে বিএনপির কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা হিসেবে মনোনীত করেন।
পতিত ফ্যাসিবাদী সরকারের আমলে নানা জুলুম-নিপীড়ন ও চাপ উপেক্ষা করে তিনি জিয়া পরিবারের সাথে কাজ করেছেন। দীর্ঘ কারাবরণ শেষে বেগম খালেদা জিয়া লণ্ডনের যাওয়ার প্রাক্কালের তাঁর সফরসঙ্গী ছিলেন ড. এনামুল হক চৌধুরী।
এছাড়া তিনি বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের মিশন ও ভিশন বিশ্বময় ছড়িয়ে দেয়া, নতুন প্রজন্মের কাছে জিয়াউর রহমানের কল্যাণমুখী রাজনীতি এবং ধর্মীয় ও জাতীয় মূল্যবোধ তুলে ধরা, শহীদ জিয়ার হাতে-কলমে রাজনীতি চর্চার ধারা প্রবর্তন গবেষনা করছেন। ইতোমধ্যে তার বিভিন্ন প্রবন্ধ আল জাজিরাসহ দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।